**বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রে নালিশ: ফিডসের চিঠি**
**বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রে নালিশ: ফিডসের চিঠি**
বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে নালিশ জানিয়েছে ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা (ফিডস) নামের একটি সংস্থা। ৫ আগস্টের পর ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কের মধ্যে টানাপোড়েন শুরু হয়। এরই মধ্যে, ফিডসের প্রেসিডেন্ট খান্দেরাও কান্ড যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প এবং বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে পৃথকভাবে চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে, ট্রাম্পকে উদ্দেশ্য করে বলা হয়, "বাংলাদেশ একটি মৌলবাদী ইসলামি রাষ্ট্রে পরিণত হচ্ছে," এবং সেখানে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের তৎপরতা জরুরি হয়ে পড়েছে। তিনি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রশাসনকে বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার এবং সংখ্যালঘুদের রক্ষায় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।
অন্যদিকে, বাইডেনকে পাঠানো চিঠিতে ফিডসের পক্ষ থেকে উল্লেখ করা হয়, "বাংলাদেশে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠিত হবে কিনা, তা নির্ভর করছে দেশের দুর্বল জনগণের অধিকার সুরক্ষিত থাকছে কি না।" এছাড়া, তিনি মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ৫ আগস্টের পর থেকে বাংলাদেশে সনাতন সম্প্রদায়ের ওপর ২০০-এর বেশি হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি সনাতন ধর্মাবলম্বী চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, এবং তার জামিনও আদালত নামঞ্জুর করেছে। এ ঘটনার পর ফিডস উভয় প্রেসিডেন্টকে এই গ্রেপ্তার নিয়ে উদ্বেগ জানিয়েছে।
